#একুশের_গহীনে_শেকড় #
আমি জন্মেছিলাম চিৎকার দিয়ে।
জানতাম না কি বলে জানাব আমার মৌলিক চাহিদা।
কি বলে আমার গর্ভধারিণীকে ডাকতে হয়?
আমার মা আর মাতৃতুল্য অবয়বগুলো
শিখিয়ে দিয়েছিল এইসব মৌলিক বিষয়।
ভেবেছিলাম কেটে গেল সব সংশয়।
তারপর পাঠশালা, মহাবিদ্যালয়,বিশ্ববিদ্যালয়
বহু পথ পাড়ি দিয়ে একদিন জানতে পারি
আমাকে আটকে রেখেছে মরণ কামড়।
আমি যা শিখেছি সব পাল্টাতে হবে
আমার ভাষা বদলাতে হবে।
বদলাতে হবে আমার শেকড়।
আমি পারিনি, তুমি পারবেনা
ওরাও পারেনি।
এর চেয়ে অনেক সহজ চামড়া ফুঁড়ে রক্ত বের করা।
সহজ অপমানগুলোর বদলা নেওয়া।
বাতাসে ভেসে আসল তাজা লাশের ঘ্রাণ।
অনুভূতিতে আমার বুক অপ্রতিরোধ্য বুলেটে ভরা।
এই যে প্রভাত ফেরী, এই যে ভাষার গান
একুশ লিখেছিল তার আদুল গায়ে
মায়ের ভাষাই আমার প্রাণ।
মরণে চিৎকার নয়,ডাকতে যেন পারি মাকে।
বলতে যেন পারি শেষ ইচ্ছেটুকু আমারই ভাষায়।
একুশ আমার চেতনা, একুশ থাকুক অম্লান।
#একুশের_গহীনে_শেকড় #
১৩/০২/২০১৭