যৌতুকের চক্রে ঘুরছি মোরা
যৌতুক নিয়ে কোনদিন আমার মাথায় বিন্দুমাত্র অনুশোচনা আসেনি। হয়তবা শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি। সামাজিক বিজ্ঞান বই, পত্রিকা, আশেপাশে এত শুনি যে তা আমার কাছে ডালভাত। কয়েকদিন আগে আমার বাসার একজন প্রাক্তন বুয়া এসেছিল, তার মেয়ের কাছে যৌতুক চাওয়ায় মেয়ে অভিমানে বিষ খেয়েছে, আমার হসপিটাল থেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেলে ভর্তি হয়েছিল। বেঁচে গেলেও ওষুধের ঘানি টানতে হচ্ছে মাকে। আমি তাকে কিছু সহযোগীতা করে বিদায় দিলাম। এটা শুনে বুকে হাহাকার লাগেনি। আমার বিয়েতে কোন যৌতুক লাগেনি, এই জন্যেই কি যৌতুক প্রাণে দাগ কাটেনি। ফাউন্ডেশন ট্রেইনিং এ আমি মনোযোগী শ্রোতা ছিলাম ক্লাসে,ডাউরির উপর খুব ভাল ক্লাস হয়েছে, তারপরও যৌতুক নিয়ে ক্ষোভ নেই। আজ সকালে অর্ধেক হেঁটে এক রিকশায় উঠলাম। বয়সের ভারে বৃদ্ধ লোকটি আর বইতে পারছিলনা। আমাকে বলল, মা তুমি হাসপাতালের ডাক্তার। এভয়েড করছিলাম তার কথা। রাস্তায় যেতে অনেক পরিচিত মানুষের সালাম কুশল বিনিময় করছিলাম।লোকটার আবারও একই কথা। বলল আমার মেয়েটাকে যৌতুকের জন্য মেরে বাড়ি পাঠিয়েছে .......আর ২ হাজার বাকী আছে,মারে কোন ব্যবস্থা করতে পারবি। ওর বাকী টাকার জন্য রিকশা চালাই, ২ হাজার হলে মেয়েকে নিয়ে জামাইয়ের কাছে যাব। কথা বলতে কষ্ট হচ্ছিল, চোখে জল। আমি কিছু সাহায্য করলাম। কিন্তু সারাটা অফিস টাইমে অস্থির ছিলাম, অনেকে জিজ্ঞেস করছিল, ম্যাডাম শরীর খারাপ!! ভাবছিলাম আমার বাবাও তো বৃদ্ধ হচ্ছে, আজ যদি আমি এই অবস্থায় থাকতাম, আর আমার বাবাকে যদি যৌতুকের জন্য এই হাফিয়ে কাজ করতে হত! ভাবতে পারছিলাম না আর!!এত বছর পরে কেন যৌতুক যুক্ত কষ্টে আমি পুড়ছি।বৃদ্ধ লোকটার দাড়ি ছিলনা, তাই নাম জিজ্ঞেস করলাম। সিউর হলাম সে মুসলমান। আমার ধর্মেতো কন্যা সম্প্রদানের বিষয় নেই। বরং আছে মোহরানা স্ত্রীকে দেয়ার আদেশ। Give the women (whom you marry) their dower(obligatory bridal gift) happily. Annisa:4 আমি নিজেও প্রায় মেয়েদের বাইরে কাজের তেমন উৎসাহ দেইনা, ডাবল কষ্ট। আজকে অনুধাবন করলাম কেন মেয়েরা কাজ করতে চায়। মোহরানার জন্য কোন জামাই শ্বশুরের কাছে নির্যাতিত হয়েছে কিনা জানা নেই।তাহলেতো হিসেব খুব সোজা, মেয়েদের পড়াশোনা করে চাকুরী করাবে, দেরীতে বিয়ে দিবে আর কিছু ভাল ছেলে বিয়ের পাত্রী খুঁজে বেড়াবে। কোথায় থাকে আইন যখন মেয়েগুলো বিষ খায় যৌতুকের শিকার হয়ে? আইন অন্ধ হয় যখন বাবারা শেষ বয়সে মেয়েকে জামাইয়ের কাছে মিলিয়ে দিতে অসহনীয় পরিশ্রম করে? ফলাফল নিজের বিয়ের সময় যৌতুক এক পুরুষ নিলেও,অন্য পুরুষকে শেষ বয়সে মেয়ের যৌতুক দিতে হয়। এক ভাই,বোনের সুখের জন্য খুশিমনে যৌতুক (বন্ধ না করে) দিলেও, আর এক ভাই মোহরানার ভারে বিয়ে করতে পারছেনা। সবলের উপর দুর্বলের অত্যাচার এই খেলার কি শেষ দেখবনা!! ০৭/০৮/২০১৭